একের অধিক জন্মনিবন্ধন থাকলে তা বাতিল করতে নতুন নিয়ম চালু করেছে সরকার। যাদের অনলাইনে একাধিক জন্মনিবন্ধন রয়েছে তারা নতুন নিয়ম অনুযায়ী সুবিধামতো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন। এ সুবিধা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে।

গত ৫ জুলাই নতুন এই নিয়ম জানিয়ে সারা দেশের নিবন্ধন কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’।

চিঠিতে বলা হয়, এ সুবিধা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার বিডিআরআইএসে অপ্রয়োজনীয় সনদ বাতিলের সুবিধা (অপশন) চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।

এর আগের নিয়মে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করা যেত। কিন্তু নতুন এ নিয়মের ফলে এখন প্রথমটি রাখার বাধ্যবাধ্যকতা রইল না। নিজের সুবিধামতো যেকোনো একটি জন্মসনদ রেখে অন্যগুলো বাতিল করা যাবে।