নির্বাচনের সময় সরকার নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। কমিশন পুরোপুরি সচেতন বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৫ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন গিলমোর-শাহরিয়ার। বলেন, আমরা নির্বাচন নিয়ে আলোচনা করেছি। কিন্তু রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়নি। এটা দলগুলোর নিজস্ব ব্যাপার। আমরা আমাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। আমরা বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠালে সরকার স্বাগত জানাবে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, আমরা সচেতন। আমরা নির্বাচনে পর্যবেক্ষককে স্বাগত জানাতে চাই। তারা আসুক এবং নির্বাচন পর্যবেক্ষণ করুক। আমরা এখনও প্রতিশ্রুতিবদ্ধ হোস্টিং কান্ট্রি হিসেবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে।