ওয়ানডে র্যাংকিংয়ে ব্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে উঠে এলেন ফারজানা হক পিংকি ও নাহিদা আক্তার।
ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯ নম্বরে উঠেছেন। স্পিনার নাহিদা ৫ ধাপ এগিয়ে বোলিং র্যাংকিংয়ে ১৯ নম্বরে রয়েছেন।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি মঙ্গলবার (২৫ জুলাই) র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফর্ম করেই এই পুরস্কার পেয়েছেন ফারজানা ও নাহিদা।
ফারজানা, নাহিদা ছাড়াও বেশ উন্নতি করেছেন বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন ও রাবেয়া খান।
এর আগে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ২৫তম অবস্থানে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি ব্যাটার রুমানা আহমেদ। অন্যদিকে বোলিং র্যাঙ্কিংয়ে ২০২২ সালের ডিসেম্বরে ২০ নম্বরে উঠে এসেছিলেন সালমা খাতুন।
নারী ব্যাটারদের শীর্ষস্থান নিজের করে নিয়েছেন ইংল্যান্ড নারী দলের অলরাউন্ডার নাটালি শিভার-ব্রান্ট। এ ছাড়া ৩২ ধাপ এগিয়ে ৫১ নম্বরে ভারতের হারলিন দেওল, ৪১ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে আছেন জেমিমা রড্রিগুয়েজ। বোলারদের তালিকায় সেরা দশে উঠে এসেছেন দীপ্তি শর্মা। এ ছাড়া ৩ ধাপ এগিয়ে আছেন ৩৮ নম্বরে স্নেহ রানা।