দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। এ ছাড়া সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলবে।
মঙ্গলবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজ পরির্দশনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী জানান, আগামী অক্টোবরের শুরুর দিকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল কার্যক্রম উদ্বোধন করা হবে। এছাড়া চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল প্রকল্পের কাজ শেষ করে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই রেল চলাচল চালু কার্যক্রম উদ্বোধন করা হবে।
এর আগে গত বছরের ৪ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে। এরপর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।