জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর বিটিএমসি ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের স্বাধীন মানবাধিকার কমিশন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে। সংস্থাটির ক্ষমতায়ন বাড়াতে হবে।

এ সময় শ্রমিকদের অধিকারের সুরক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের নিশ্চয়তা বিধানে বাংলাদেশের অর্জনে সন্তোষ প্রকাশ করে ইমন গিলমোর।

উল্লেখ্য, বাংলাদেশে ইমোন গিলমোরের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের জুনে তিনি প্রথম বাংলাদেশে আসেন। ওই সফর শেষে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন।

মে মাসের প্রথম সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলস সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম একাধিক বৈঠক করেন। সেসব বৈঠকে গিলমোর উপস্থিত ছিলেন। তখন প্রতিমন্ত্রী শাহরিয়ার গিলমোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।