আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো সংলাপের উদ্যোগ নেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

তিনি বলেন, সংলাপ নিয়ে ভাবছি না। আমাদের সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের নির্বাচনব্যবস্থার দায়িত্বভার গ্রহণের চার মাস পরই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকা হয়। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করেছে। পরে ফের সংলাপের উদ্যোগ নিলেও বিএনপিও সমমনাদের সাড়া পায়নি আউয়াল কমিশন। পরে ফের চিঠি পাঠিয়েও কোনো জবাব পায়নি সাংবিধানিক এ সংস্থাটি।

রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান চান কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয় আমাদের এখতিয়ার নয়। রাজনীতির মাঠেই সমাধান হবে। আমরা তফসিল নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।’

তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘অক্টোবরের কথা বলছি না। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বা ডিসেম্বরের শেষ সপ্তাহে করি, তাহলে ৪৫ দিন আগেই করতে হবে।’