নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের সঙ্গে বৈঠকে নবনির্মিত পায়রাবন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ খাদ্যব্যবস্থা সম্মেলনের একফাঁকে খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে নবনির্মিত বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে দুই দেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। সম্মেলনটিতে যোগ দিতে দুই নেতাই রোমে অবস্থান করছেন।
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে পায়রাবন্দর ব্যবহারের প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মোমেন বলেন, বাংলাদেশ ইতোমধ্যে নেপালের জন্য চালনা (মোংলা) ও চট্টগ্রাম বন্দর খুলে দিয়েছে। নেপাল নবনির্মিত পায়রাবন্দরও ব্যবহার করতে পারবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন নেপালের প্রধানমন্ত্রী।
পুষ্পকমল দহল বলেন, বিপুলসংখ্যক নেপালি শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করছেন।