বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে প্যাথলজিক্যাল লায়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ২০০৮ সালে বিএনপি আওয়ামী লীগকে ৩০ টি আসন দিয়েছিল, অথচ তারা নিজেরাই পেলো ৩০টি আসন। বিএনপি নালিশ পার্টি, নালিশ করে কিছুই না পেয়ে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা হলো খাই খাই পাটি।

রবিবার (২৩ জুলাই) কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। বিএনপির নালিশে কাজ হচ্ছে না। তবে যে হাত ভাঙচুর করতে আসবে, সে হাত ভেঙে দেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।