মেক্সিকোর একটি বারে নারীদের সঙ্গে বাজে ব্যবহার করায় এক ব্যক্তিকে সেখান থেকে বের করে দিলে ওই ব্যক্তি ফিরে এসে বারটিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বারটিতে থাকা ১১ জন নিহত হন। দগ্ধ হন আরও চারজন। নিহতদের মধ্যে চার নারী ও সাতজন পুরুষ রয়েছেন।
শনিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর রয়টার্স ও সিএনএনের।
প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে এ ঘটনা ঘটে। আগুনে সাতজন পুরুষ ও চারজন নারী নিহত হন।
রাজ্যের প্রসিকিউটর দপ্তর জানায়, স্থানীয় সময় গত শুক্রবার রাতে বারটিতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দগ্ধ আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসিকিউটর দপ্তর আরও জানায়, নেশাগ্রস্ত অবস্থায় নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করায় হামলাকারীকে বার থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে ওই ব্যক্তি ফিরে আসেন এবং বারের দরজা লক্ষ্য করে মলোটভ ককটেল জাতীয় দাহ্য বস্তু নিক্ষেপ করেন।
শহরের মেয়র সান্তোস গঞ্জালেস বলেন, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।