জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা বাবদ ১২ কোটি টাকা দানকর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দিতেই হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
রবিবার (২৩ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন।
এর আগে ড. ইউনূসের পক্ষে করা সময় আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
এর আগে গত ৩১ মে ১২ কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ডের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ করে দেন হাইকোর্ট। ফলে ড. ইউনূসকে এনবিআরকে ১২ কোটি টাকা পরিশোধ করার আদেশ দেয়া হয়।
পরে এ রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ড. ইউনূস। সেখানেও স্থগিত হয়নি রায়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১-২০১২ থেকে ২০১৩-১৪ অর্থবছরে ড. ইউনূস তিনটি ট্রাস্টকে ৭৬ কোটি ৭৩ লাখ টাকা দান করেন। অনুদানকৃত অর্থের ওপর ১৫ কোটি ৪০ লাখ টাকার কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর। পরে, এনবিআরের এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ড. ইউনূস।
১৫ কোটি টাকার মধ্যে ড. ইউনূস ইতোমধ্যে ৩ কোটি টাকা পরিশোধ করেছেন।এখন তাকে আরও ১২ কোটি টাকা দিতে হবে।