নোয়াখালী বিএনপির নয় আওয়ামী লীগের ঘাঁটি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে হেরে গেছে, তারা নির্বাচনেও হারবে। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। তারা আন্দোলনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সাড়ে ১৪ বছরে পারেনি আগামীতেও পারবে না।

শনিবার (২২ জুলাই) দুপুরে কবিরহাট সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল নোয়াখালীতে এসে বিষাদগার করেছে। সে হয়তো জানে না নোয়াখালী বিএনপির নয় আওয়ামী লীগের ঘাঁটি।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনা করেন। শান্তি সমাবেশে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী, কবিরহাট উপজেলার সাবেক সভাপতি নুরুল আমিন রুমিসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, দুই দিনের সফরে শনিবার সকালে হেলিকপ্টারযোগে কবিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন সেতুমন্ত্রী। এরপর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে যোগদান করেন তিনি। এছাড়া দুপুরে পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল উদ্বোধন এবং জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগদান করেন মন্ত্রী।

রবিবার (২৩ জুলাই) সকালে বাবা-মায়ের কবর জিয়ারাত শেষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে যোগদান করবেন।