বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে জড়ো হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, মৎস্য ভবন এর আশেপাশে জড়ো হয়েছে নেতাকর্মী। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন।
বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা ১ দফা দাবিতে সরকারের পদত্যাগের, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ স্থলের চারপাশে অসংখ্য ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো হয়েছে।
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গত শুক্রবার (২১ জুলাই) রাত থেকে ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। শনিবার ভোর থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।
এদিকে নেতাকর্মীরা উদ্যানের আশপাশের মূল সড়কে অবস্থান নেয়ার কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে ঢাকায় তারুণ্যের সমাবেশ থেকে ১ দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে বিএনপি সূত্রে জানা যায়।