ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) ভোর থেকে তল্লাশি শুরু করে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, এই মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ঢাকামুখী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এদিন ভোর থেকেই দূরপাল্লার বিভিন্ন যানবাহনের সঙ্গে সঙ্গে আঞ্চলিক যানবাহনগুলোকে থামিয়ে তল্লাশি চলছে। এ সময় পুলিশ সদস্যদের যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতে দেখা গেছে। তবে সড়কের কোথাও কোনো ধরনের যানজট লক্ষ্য করা যায়নি।
এ রিপোর্ট লিখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, এটি আমাদের রুটিনমাফিক কাজ, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
তিনি আরও বলেন, সড়কে যাতায়াত করতে যাত্রীদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হচ্ছে। তল্লাশির নামে কাউকে হয়রানি করা হচ্ছে না।