বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হতে পারে চলতি জুলাই। এটি হাজার বছরের মধ্যে না হলেও শত শত বছরের রেকর্ড ভাঙতে পারে।
এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হবে বলে মন্তব্য করেছেন নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট। তিনি বলেছেন, ইউরোপের পাশাপাশি চীন এবং যুক্তরাষ্ট্র গরমের সব রেকর্ড ভেঙে ফেলছে।
শুক্রবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার নাসার ব্রিফিংয়ে গ্যাভিন শ্মিট বলেন, আমরা সারা বিশ্বে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা ইউরোপে, চীনে এবং যুক্তরাষ্ট্রে যে তাপপ্রবাহ দেখছি তা আসলে সব রেকর্ড ভেঙে ফেলছে।
তিনি বলেন, আমরা অনুমান করছি যে এটি অব্যাহত থাকবে। কারণ আমরা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলো দিয়েই যাচ্ছি।
সংবাদমাধ্যম বলছে, এই প্রভাবগুলোর জন্য শুধুমাত্র এল নিনোর আবহাওয়ার ধরণকে দায়ী করা যায় না। এতে এল নিনো একটি ছোট ভূমিকা পালন করছে।
আশঙ্কা করা হচ্ছে, ২০২৩ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হবে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে শ্মিট বলেছেন, এই সুযোগ ৫০-৫০ রয়েছে। যদিও তিনি বলেছিলেন যে, অন্যান্য বিজ্ঞানীরা এটিকে ৮০ শতাংশের বেশি রেখেছেন।
তিনি বলেন, আমরা আশঙ্কা করছি যে ২০২৪ আরও উষ্ণ বছর হবে।