তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দী সিংহ শুধু গর্জন করতে পারে। আর কিছুই করতে পারে না। দেশে শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে সরকার কঠোর হাতে দমন করবে।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০ টায় কুড়িগ্রাম সার্কিট হাউসে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানকে অনুকরণ করে নির্বাচনের দাবি করছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসাটা অত্যন্ত ইতিবাচক বলে জানান মন্ত্রী।

পরে জেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন মন্ত্রী।

সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, স্থানীয় সংসদ সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।