ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন (হিরো আলম)।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে উপস্থিত হন তিনি।
হিরো আলম জানান, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন তার ওপর যারা হামলা করেছে, তাদের শনাক্ত করতে তিনি ডিবি কার্যালয়ে গেছেন। একই সঙ্গে তিনি ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে চিকিৎসার জন্য রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। এরপর সন্ধ্যায় ভোট প্রত্যাখ্যানের ঘোষণা করেন হিরো আলম। একই সঙ্গে তিনি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানান।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।