কর্মস্থলে ফেরার ঘোষণা দিয়েছেন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। শনিবার থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরবেন তারা।
বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. জাবির হোসেন।
তিনি বলেন, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই ভাতার পরিমাণ ২০ হাজার থেকে ৫ হাজার টাকা বাড়ানোর আশ্বাস দেয়া হয়। তাছাড়া প্রতিমাসে ভাতা দেওয়ার ব্যবস্থা, কর্মদিবস কমিয়ে কর্মঘণ্টা ঠিক রেখে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেয়া, আন্দোলনের কারণে কোনো শিক্ষার্থীর ওপর অ্যাকাডেমিক হয়রানি না করার আশ্বাসও দেয়া হয়। সেসব আশ্বাসের ভিত্তিতে এবং ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় আমরা আগামী শনিবার থেকে কর্মস্থলে ফিরে যাচ্ছি।
তবে গৃহীত সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়িত করা না হয়, তাহলে ফের কঠোর কর্মসূচিতে যাবে বলেও এ সময় হুশিয়ারি দেন তিনি।