ঢাকা-১৭ উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ট্রাক শ্রমিক বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বলেন, এ ঘটনায় জড়িত আরও কয়েকজন নজরদারিতে রয়েছে। তাদেরও গ্রেফতার করা হবে।
এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন গোয়েন্দা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে গ্রেফতার হওয়া সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: বর্তমানে মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বসবাস করা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ছানোয়ার কাজী (২৮), খিলক্ষেতের মধ্যপাড়ার বর্তমান বাসিন্দা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সোহেল মোল্লা (২৫), মিরপুর-১১ নম্বরে থাকা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিপ্লব হোসেন (৩১), বনানীতে বসবাস করা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাহমুদুল হাসান মেহেদী (২৭), তেজগাঁও পূর্ব নাখালপাড়ার বর্তমান বাসিন্দা ও গোপালগঞ্জ সদরের মোজাহিদ খান (২৭), কড়াইল বস্তির মোশারফ বাজারে বাস করা কুমিল্লা হোমনা থানার মো. আশিক সরকার (২৪) এবং একই বস্তির শরীয়তপুরের জাজিরা থানার মো. হৃদয় শেখ (২৪)।
এর মধ্যে দুই আসামি ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য পাঁচ আসামিকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব।
এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।
উল্লেখ্য, গত সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় হামলার শিকার হন হিরো আলম।