পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস (৭৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঞ্জুর রহমান বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াতের ভাগিনা ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।
মরহুমের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
এরপর মঞ্জুর রহমান বিশ্বাসের জন্মভূমি ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি গ্রামে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ছিলেন।