ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ মঙ্গলবার বিকেলে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা কী উদ্দেশ্যে হিরো আলমের ওপর হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের শেষের দিকে বাদানুবাদে লিপ্ত হন হিরো আলম। ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনে আরও গ্রেফতার করা হবে।
হামলার ঘটনায় যারাই দোষী তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পুলিশ কোনো গাফিলতি করলে আমরা সেটাও দেখবো। হিরো আলমের এই ঘটনা থেকে মেসেজ পাওয়া গেলো যে, আমাদের আরও সতর্ক থাকতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়াইন লুইস এসেছিলেন। তারা মূলত রোহিঙ্গা ক্যাম্পে যে সহিংসতা বাড়ছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন; যাতে করে মৃত্যু বন্ধ হয়।
এদিকে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, প্রয়োজনে সেনাবাহিনীকে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা হবে।