ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

মঙ্গলবার (১৮ জুলাই) টুইটারে গোয়েন লুইস বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস।

এ সময় সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেকের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি।

এর আগে গতকাল সোমবার ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে একদল যুবক প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালায়।

তার ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।