দুই দিনের পৃথক কর্মসূচি নিয়ে রাজধানী ঢাকায় আজ মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিকেরা। আওয়ামী লীগ এই দুই দিন ঢাকায় ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে। আর বিরোধীরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পদযাত্রা করবে।
বিএনপি ১২ জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে। পরদিন আওয়ামী লীগ দুই দিনের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’র ঘোষণা দেয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী এস এ খালেক বাস কাউন্টার এলাকা থেকে সকাল ১০টায় পদযাত্রা শুরু করবে বিএনপি। সেটি পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে শেষ হবে। পরদিন ১৯ জুলাই উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা হবে।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করবে। আজ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় এ শোভাযাত্রা হবে।
আগামীকাল বুধবার ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত।
ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হতে শুরু করেছেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।