১৪ দলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
রবিবার (১৬ জুলাই) রাতে জোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর সঙ্গে জোট নেতাদের বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জোটের প্রতিটি শরিক দলের দুজন করে (সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক) শীর্ষ নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের নীতিনির্ধারক কয়েকজন নেতা এই বৈঠকে থাকবেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু এবং দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদ ও সভাপতিমণ্ডলীর কয়েকজন নেতা বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন। বৈঠকে আমন্ত্রিত সব নেতার করোনা পরীক্ষা বৈঠকের আগেই করতে বলা হয়েছে।
এর আগে জোটের শীর্ষ নেতা শেখ হাসিনা শরিকদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন গত বছরের ১৫ মার্চ।