ঢাকা-১৭ আসনের নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন পরিস্থিতি নিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের ফলাফল মেনে নেবো কি না, সেটা পরের বিষয়। তবে আমরা ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবো। আমরা দেখতে চাই, তারা আমাদের ওপর কতটা অত্যাচার করতে পারে, কতবার আমাদের এজেন্টদের বের করে দেয়, কতটা জোর করে ব্যালট পেপারে সিল মারে। এটি জনগণ দেখবে। আমাদের ওপর কতটা অন্যায়-অত্যাচার করা হয়, সেটি দেখার জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, মোট ১২টি কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আমি এখন সেই জায়গাগুলোতে যাবো। দেখবো, কেন আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।

এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে নির্বাচন কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এখনো আমাদের এজেন্টদের ঢোকাতে পারেনি। তারা বলছে বিষয়টি তারা দেখছেন। বনানী থানাতেও আমি ফোন করেছি, তারাও বলেছে বিষয়টি দেখছেন।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন আমার কর্মীদের ওপর হামলা করেছে। এর মধ্যে গুলশান মডেল স্কুলে আমাদের কর্মীদের মেরে বের করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকজন এই কাজগুলো করছে।