সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে জয়ের হাসি হাসল টাইগাররা। ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় স্বাগতিকরা।

শেষ ওভারে হ্যাটট্রিক করে টাইগার শিবিরে হারের কাঁপন জাগিয়েছিলেন আফগান বোলার করিম জানাত। তবে টাইগার বোলার শরীফুল ইসলাম ব্যাট হাতে করিমকে চার মেরে দলকে এনে দিলেন দারুণ জয়। আর জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।

১৫৫ রানের মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার ওপেনার ও টপ অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। মাঝপথে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। শামীম ৩৩ রান করে আউট হলেও শেষ পর্যন্ত হাল ধরেছিলেন হৃদয়। ৩২ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও আফগানদের এগিয়ে নিয়েছিলেন মোহাম্মদ নবী ও আজমাতুল্লাহ ওমরজাই। তাদের ব্যাটে ভর করেই ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায় আফগানরা। সেই রান টপকে জিততে বাংলাদেশের খোয়া গেছে ৮ উইকেট।