বিএনপি গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে তথ্য সন্ত্রাস পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, সরকার, আওয়ামী লীগ ও বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে মিথ্যা এবং বানোয়াট তথ্য উপস্থাপন করছে। এ ধরনের কুৎসিত ও রুচিহীন গুজব সন্ত্রাস কেবল রাজনৈতিকভাবে দেউলিয়া ও বিকারগ্রস্ত বিএনপির পক্ষেই সম্ভব।

বাংলাদেশ আওয়ামী লীগ সংবিধান সম্মতভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ভন্ডুলের কোনো প্রকার অপচেষ্টা চালালে এবং সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।

বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্তৃক সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুল কাদের।

এছাড়াও বিবৃতিতে ওবায়দুল কাদের সব ধরনের উস্কানি উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানান।