দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠককালে এ প্রতিশ্রুতি দেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয়েছে। ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে উদারভাবে আতিথ্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন উজরা জেয়া। বৈঠকে শ্রম সংস্কার, নাগরিক অধিকার, আসন্ন জাতীয় নির্বাচন এবং মানবপাচারসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ১১ জুলাই থেকে চার দিনের সফরে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।