জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী জনসভা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে ওই জনসভা হবে।

রংপুর আওয়ামী লীগের নেতারা বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে ক্ষমতাসীন দলের প্রধান এই তারিখ জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে শেখ হাসিনার ইতালি যাওয়ার কথা রয়েছে। দেশে ফিরে রংপুরে জনসভা করার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।

এর আগে যশোর, রাজশাহী ও চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে যোগ দেন আওয়ামী লীগপ্রধান। নির্বাচনের আগে শেখ হাসিনা প্রতিটি বিভাগের পাশাপাশি কয়েকটি জেলায় সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে।