বাংলাদেশে তথ্য-প্রযুক্তি খাতসহ বিভিন্নখাতে বিনিয়োগ করতে ডেনমার্ক আগ্রহ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি আগ্রহের কথা জানান।
বৃহস্পতিবার (১৩ জুলাই) এ সাক্ষাতের কথা তুলে ধরেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। বলেন, সফল দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে এসময় অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
এ সময় রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য ডেনমার্ককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপ্রধান। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে ডেনমার্কসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন অংশীদারসহ সবাইকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার অনুরোধও জানান রাষ্ট্রপতি।
গত বছরে ‘সাসটেইনাবল অ্যান্ড গ্রিনফ্রেম ওয়ার্ক এনগেজমেন্ট’ স্বাক্ষরিত হওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, এর ফলে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে সক্ষম হবে।
ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।