ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সফর বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
হস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতর (পিআইডি) সম্মেলন কক্ষে ‘গন্তব্য স্মার্ট বাংলাদেশ’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এমন মন্তব্য করেন।
ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে কিনা; প্রশ্নে তিনি বলেন, তাদের এ সফর আমাদের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে সহায়ক। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রেও সহায়ক। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের আগমন নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সহায়ক হবে।
এছাড়া মার্কিন প্রতিনিধি দলের আগমন আমাদের সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেও জানান মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সংসদ বিলুপ্তির কথা বলেছে। আমরা মনে করছি সংসদ বিলুপ্ত করার দাবি দুরভিসন্ধিমূলক। তাদের এ দাবি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্যই বিএনপি এই দাবি করেছে।