বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপি সমাবেশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা এসেছেন। তাদের দেখানোর জন্যই বিএনপি আজ সমাবেশ ও শোডাউন করছে। কারণ, বিএনপির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিদেশিরাই তাদের একমাত্র ভরসা।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

এ সময় আওয়ামীলীগ সরকার বিদেশিদের কাছে ধরনা দেবেনা বলেও জানান তিনি।

এর আগে, দুপুর তিনটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।