সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাসনাবাদ গ্রামে মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মূল পরিকল্পনাকারী এবাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া ফ্রান্স প্রবাসী তার আপন ভাই মইনুল হোসেন যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সব ইমিগ্রেশনে বার্তা পাঠানো হয়েছে। এরা আপন দুই ভাই।

পুলিশ সূত্র জানায়, দুবাইগামী বিমান থেকে সোমবার গভীর রাতে এবাদুলকে নামিয়ে আনা হয়। হত্যার পরপরই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী একটি ফ্লাইটে উঠেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে সুনামগঞ্জে নিয়ে যায়।

উল্লেখ্য, গতকাল সোমবার (১০ জুলাই) কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবুল মিয়া (৫৮) ও নুরুল ইসলাম (৪২) নামের দুইজন ব্যক্তি। অপর দিকে মো. শাহজাহান মিয়া নামের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুখলেছুর রহমান (৬০) নামের আর একজন মারা যান।