অবাস্তব দাবি নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, নির্বাচনই একমাত্র সমাধান। অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপ হবে না।

রবিবার (৯ জুলাই) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে আনিসুল হক বলেন, আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি। বরং এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দুই মাসের মধ্যে বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তি করতে হবে- এমন কোনো চিঠি বা মৌখিক নির্দেশ দেওয়া হয়নি।

সহকারী জেলা এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য চার মাস মেয়াদি ৪৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আইন সচিব গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।