ক্রীড়া প্রতিবেদক : বিসিএলের শেষ রাউন্ডে তুষার ইমরানের পর ডাবল সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীসও। দুই ডাবল আর মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে রানের পাহাড় গড়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। ৮ উইকেটে ৭৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে দলটি।
আগের দিনেই সেঞ্চুরি তুলে নিয়ে ১৭০ রানে অপরাজিত ছিলেন শাহরিয়ার। সাভারের বিকেএসপিতে আজ তৃতীয় দিনে সেটিকে ডাবলে রূপ দেন বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা শাহরিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১৫ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে খুলনার বিপক্ষে করেছিলেন ২১৯।
শাহরিয়ারের ডাবল সেঞ্চুরির খানিক পরই ইনিংস ঘোষণা করে প্রাইম ব্যাংক। ২৯৮ বলে ১৮ চার ও ৫ ছক্কায় ২০৭ রানে অপরাজিত ছিলেন শাহরিয়ার। তার ডাবল সেঞ্চুরির জন্য নাজমুল ইসলামের অবদানও কম নয়। নবম উইকেটে শাহরিয়ারের সঙ্গে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ব্যক্তিগত ৩৬ রানে অপরাজিত ছিলেন নাজমুল।
ওয়ালটনের পক্ষে শুভাগত হোম নেন সর্বোচ্চ ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে বিনা উইকেটে ৪৪ রান তুলেছে ওয়ালটন।