মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে নেদারল্যান্ডস, ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়াক্সের সাবেক গোলরক্ষক এডউইন ফন ডার সারকে। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ডাচ কিংবদন্তি। এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ফন ডার সার। ৫২ বছর বয়সী সাবেক গোলরক্ষককে সেই দেশের এক হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সারের সাবেক ক্লাব আয়াক্স।

F0ci2yiX0AE1QEY

নেদারল্যান্ডের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডার সার পরবর্তীতে দেশীয় ক্লাব আয়াক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন। ২০০৯ সাল পর্যন্ত আয়াক্সের নির্বাহী প্রধানের দায়িত্বে ছিলেন। তবে ওই বছরই ডাচ লিগে তৃতীয় স্থানে বিদায়ের পর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় আয়াক্স। এরপরই ফন ডার সার পদত্যাগ করেন।

এর আগে ২০১১ সালে ম্যানইউর হয়ে সর্বশেষ খেলেছিলেন এই কিংবদন্তি গোলরক্ষক। ৫২ বছর বয়সী সাবেক গোলরক্ষক ইউনাইটেডের হয়ে ২৬৬ ম্যাচ খেলেছিলেন। রেড ডেভিলদের তিনটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিততে দুর্দান্ত ভূমিকা রাখেন তিনি। এছাড়া তিনি প্রিমিয়ার লিগে ফুলহাম ও সিরি ‘আ’য় খেলেছেন জুভেন্টাসের হয়ে।

পরবর্তীতে ২০১২ সালে তিনি আয়াক্সের বোর্ডে যুক্ত হন। এরপর ২০১৬ সালে ক্লাবটির প্রধান হন তিনি।