অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। জানান, দেড় মাস পর ক্রিকেটে ফিরবেন তিনি। খেলবেন এশিয়া কাপ ও বিশ্বকাপে।
এর আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার ওয়ানডে দলের এই অধিনায়ক। তবে একদিন বাদেই নিজের সেই অভিমান ফিরিয়ে নিয়েছেন দেশসেরা এই ওপেনার।
শুক্রবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় দলে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।
এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে।’
অবসর ভেঙে ফেরার বিষয়ে তামিম আরও বলেন, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব।’