আহমেদ ইয়াসিন হিলাল গিথান নামে এক ফিলিস্তিনির গুলিতে ইসরায়েলের একজন সেনা নিহত হয়েছেন। পরে ইসরায়েলি বাহিনীর পাল্টা গুলিতে তিনিও নিহত হন।

শুক্রবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে, বৃহস্পতিবার (৬ জুলাই) ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি অবৈধ বসতির কাছে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের অবৈধ বসতির কাছে গুলি চালিয়ে একজন ফিলিস্তিনিকে হত্যা করে। এর আগে, ওই ফিলিস্তিনি এক ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করে।

আহমেদ ইয়াসিন হিলাল গিথান পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে কিবিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা।

এ বিষয়ে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বলেছে, চলতি সপ্তাহে জেনিনে ইসরায়েলের দুদিনের সামরিক আক্রমণের জবাবে বৃহস্পতিবারের এই হামলা চালানো হয়। তাদের একজন সদস্য এই হামলা চালায়।