ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে এই বৈঠক শুরু হয়। বৈঠকে আগামী ৯ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুদেশের নীতিনির্ধারকরা।
এর আগে, কয়েক ঘণ্টার সফরে এদিন সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রসচিব। বঙ্গোপসাগরের দেশগুলোর বিভিন্ন খাতের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোটের ইস্যুতে আলোচনার জন্য তিনি ঢাকায় এসেছেন।
বিমানবন্দরে সৌরভ কুমারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
সফরসূচি অনুযায়ী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পর বিমসটেকের কার্যালয়ে যাবেন সৌরভ। বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। তবে লেকফেল বর্তমানে ঢাকায় না থাকায় সেটি হচ্ছে না।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্রসচিব (পূর্বের) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার।