গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল নিয়ে অবশেষে গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী রবিবার (৯ জুলাই) আরপিও নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন কাজী হাবিবুল আউয়াল।

বৃ্হস্পতিবার (৬ জুলাই) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী রোববার (৯ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন। ব্রিফিং অনুষ্ঠানটি নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে অনুষ্ঠিত হবে।

এর আগে, গত বুধবার আইন আকারে জারি হওয়ার আগে জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী বিল নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি কাজী হাবিবুল আউয়াল।

উল্লেখ্য, গত মঙ্গলবার জাতীয় সংসদে ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী বিল পাস হয়। বিরোধী দল জাতীয় পার্টির সদস্যদের আপত্তির মুখে জাতীয় সংসদে এ বিল পাস হয়। যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি।