বুধবার মধ্যরাতে হঠাৎ করেই মেট্রোরেলের হুইসেল বাজলো আগারগাঁও থেকে মতিঝিল অংশে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধন করবেন। এজন্য গতকাল রাতে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন রয়েছে ৭টি। এগুলো হচ্ছে- বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।

এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন- ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল শুরু করে। আর দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে যাত্রীপরিবহনের লক্ষ্য নেয়া হয়েছে অক্টোবরে।