আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি ভেজা প্রথম ওয়ানডে ম্যাচে হেরেছে বাংলাদেশ। ওই ধাক্কা সামলে ওঠার আগেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ওয়ানডে দলের অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টায় গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল দেশসেরা এই ওপেনারের। তবে জরুরি এই সংবাদ সম্মেলনের সময়ে পরিবর্তন এসেছে। দুপুর দেড়টা নাগাদ সংবাদ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রামের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করবেন মিস্টার খান। বিষয়টি নিশ্চিত করেছে ওই হোটেল কর্তৃপক্ষ। তবে তামিমের রহস্যময় এই সংবাদ সম্মেলনের কারণ এখনও জানা যায়নি।
গুঞ্জন রয়েছে ‘বড়’ কোন সিদ্ধান্ত নিতে পারেন তামিম।
ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তিনি। তামিমের ঘনিষ্ঠ সূত্রও এমনই ইঙ্গিত দিয়েছে।
অন্যদিকে সূত্র বলছে, তামিমের রহস্যময় ইনজুরি নিয়ে বিরক্ত বিসিবির একটি অংশ। তাই অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি বিবেচনায় তাকে (তামিম) আর ওয়ানডে দলের নেতৃত্বে রাখা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া এশিয়া ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নাকি নিতে যাচ্ছে বিসিবির কর্তারা।