নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পর এখন আর অত-বেশি শর্ত দিতে কেউ সাহস পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমাদের একটা বদনাম দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আজ আমরা সেটা করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, আমরা আমাদের উন্নয়ন সহযোগীদের থেকে ধার নেই। আমরা কারও থেকে হাত পেতে নেই না। আবার সুদসহ সেই অর্থ ফেরতও দিই। কিন্তু ভাবখানা এমন ছিল যেন আমরা ভিক্ষা নিচ্ছি। এই যে শর্ত দেওয়া। তবে পদ্মা সেতুর এই সিদ্ধান্তের পর এখন আর অত-বেশি শর্ত দিতে কেউ সাহস পায় না বা দেয় না।