৩৬ বছর পর বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম ভূমিকা রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

আগামীকাল সোমবার দুপুর ২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্টিনেজ ও প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

রবিবার বিকেলে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার।

মূলত কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় আসছেন মার্টিনেজ। তবে তিনি যখন জানতে পারলেন বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, সাথে সাথে তিনি বাংলাদেশে আসার ইচ্ছাও প্রকাশ করেন। কারণ মিডিয়ার কল্যাণে এ দেশের আর্জেন্টিনা ভক্তদের কথা মেসি-মার্টিনেজরা সবাই জানেন।

তাই কয়েক ঘণ্টার জন্য হলেও তিনি এই দেশটাকে দেখে যেতে চান।

ইতিমধ্যে এক ফেসবুক পোস্টে মার্টিনেজের ঢাকাগামী বিমানে ওঠার খবর জানিয়েছেন শতদ্রু দত্ত।

৩ জুলাই রাতে কলকাতায় পা রাখার কথা তার। ৪ জুলাই মিলনমেলা প্রাঙ্গণে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাকে। এই সময় ‘তাহাদের কথা’ নামে একটি আলোচনাতেও অংশ নেবেন মার্টিনেজ। ৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় তিনি কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। সেই ম্যাচের টিকিট ছাড়ার দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।