রাজধানীর ফার্মগেট মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ জুলাই) ডিএমপি তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার গোলাম সবুর এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১ জুলাই) অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গোলাম সবুর বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে একজন। তবে, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তারা ছিনতাইকারী কিনা এসব বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত চারজনের পরিচয় এখনও জানা যায়নি। অভিযান এখনও চলমান রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার ভোর সোয়া চারটায় ফার্মগেট সেজান পয়েন্টের সামনে কনস্টেবল মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।