প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একজন মানুষও হতদরিদ্র থাকবে না। সে জন্যই আমরা নিরলস কাজ করে যাচ্ছি। বর্তমানে দেশে হতদরিদ্র মানুষের সংখ্যা মাত্র পাঁচ শতাংশ।

শনিবার (১ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আড়াই কোটি শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ওষুধ দিচ্ছি, শিক্ষার ব্যবস্থা করছি। এ ছাড়া বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী প্রচণ্ড খাদ্যের অভাব। তাই আমাদের সব অনাবাদি জমি আবাদ করতে হবে। যাতে করে আমাদের খাদ্য সংকটের মুখোমুখি হতে না হয়। এ সময়ে বৃষ্টি হওয়াতে অনেকের অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরেও বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ। আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে।

দুদিনের সফরে প্রধানমন্ত্রী আজ নিজ এলাকায় গেছেন। সেখানে তার সফরে সঙ্গী হয়েছেন আইসিটি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়।

এর আগে, শনিবার সকাল ৮টায় গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তিনি ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতু হয়ে বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়ায় পৌঁছান।

পরে তিনটি গাছের চারা রোপণ করে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন তিনি। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা।