আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সচেতন মানুষ মাত্রই জানে জামায়াত হলো বিএনপির ‘বি’ টিম। ঐতিহ্যগতভাবেই জামায়াত বিএনপির ঘনিষ্ঠ মিত্র।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জন্মলগ্ন থেকে জামায়াতের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত বাংলাদেশে ফুলেফেঁপে বিষবৃক্ষে পরিণত হয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির শাসনামলে পাকিস্তানি দর্শনের রাজনীতি বাংলাদেশে জোরদার হয় এবং জামায়াতের ক্ষমতায়ন প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের সচেতন মানুষ মাত্রই জানে জামায়াত হলো বিএনপির ‘বি’ টিম।