জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, দেশে জঙ্গিদের উত্থানের আর সুযোগ নেই।
শনিবার (১ জুলাই) সকালে গুলশানে হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। জঙ্গি গোষ্ঠীকে দেশে অরাজকতার কোনো সুযোগ দেওয়া হবে না। হলি আর্টিজানের মতো হামলার সক্ষমতা এখন আর জঙ্গিদের নেই।
খন্দকার গোলাম ফারুক বলেন, জেএমবি, নব্য জেএমবিসহ জঙ্গিবাদ নেই বলেও চলে। তবে জঙ্গিবাদের সুপ্ত বীজ লুকিয়ে থাকতে পারে। এটিইউ, সিটিটিসি ও র্যাব জঙ্গিদের বিরুদ্ধে অনবরত কাজ করে যাচ্ছে।
এ ছাড়া জঙ্গিবাদের বিষয়ে মানুষজনকে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন সময় নানা প্রোগ্রাম হাতে নিয়েছি এবং করেছি বলেও জানান ডিএমপি কমিশনার।
উল্লেখ্য, রাজধানীর গুলশান-২ এর লেক পাড়ের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালে ১ জুলাই দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওইদিন রাত ৮টা ৪০ মিনিটে নব্য জেএমবির পাঁচ জঙ্গি বেকারিতে ঢুকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জনকে নির্মমভাবে হত্যা করে।