দুই দিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায় সকালে মোটর শোভাযাত্রা সহকারে গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
জানা গেছে, কোটালীপাড়ায় পৌঁছানোর পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন শেখ হাসিনা।
এরপর বিকেল ৪টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে তিনি অবস্থান করবেন এবং রাত্রিযাপন করবেন।
এরপ রবিবার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এ ছাড়া এদিন বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য, চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়ায় গিয়েছিলেন তিনি।