বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির সিনিয়র নেতারা।

বৃহস্পতিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও বেগম সেলিমা রহমান।

এর আগে, বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলটির সিনিয়র নেতারা।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা ভাইরাসের সময় সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করে আসছেন তিনি। প্রতি বছর ঈদের দিন রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের সিনিয়র নেতারা।