দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকতে চায় না আওয়ামী লীগ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৩ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাই হয়েছিল মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জন্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছে আওয়ামী লীগ। মাতৃভাষায় কথা বলার অধিকারও আদায় করে দিয়েছে এই আওয়ামী লীগ।

এ সময় স্বাধীনতার পর আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের কথা চিন্তা করেনি, নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।

বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, খুন, অত্যাচার, নির্যাতন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, সরকারকে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি নানা চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। কিন্তু বাংলাদেশকে নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।